ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে আইএসের সু-সংগঠিত হামলা প্রতিহত করেছে কুর্দি বাহিনী। বিবিসি'র প্রতিবেদন অনুসারে সেখানে ১৮০ জঙ্গি নিহত হয়েছেন। বুধবার বিকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই লড়াই চলে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, বুধবার ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে বেশ কয়েকটি লক্ষ্যে সমন্বিতভাবে হামলা চালায় আইএস জঙ্গিরা।
কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তা নিয়ে তাদের সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয় কুর্দি বাহিনী। ২০১৪ সাল থেকে মসুল আইএসের দখলে রয়েছে।
বুধবার বিকালের দিকে আইএস জঙ্গিরা ইরাকি কুর্দি পেশমেরগা বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। হামলায় তারা মেশিনগান, গাড়িবোমা, রকেট এবং সশস্ত্র বুলডোজার ব্যবহার করে।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন ওয়াশিংটন পোস্টকে বলেছেন, 'গ্রীষ্মের পর এটাই ছিল আইএসের চালানো সবচে কঠিন আঘাত।'
ইরাকে নিযুক্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ওডোম বলেন, মসুল পুনরুদ্ধারের পরিকল্পনা নস্যাৎ করার লক্ষ্যেই সম্ভবত এই আগ্রাসী আক্রমণ চালানো হয়েছিল।
আইএসের চালানো বিভিন্ন হামলাস্থলের মধ্যে বাশিকাও রয়েছে। ওই বাশিকাতেই তুর্কি বাহিনী সম্প্রতি ইরাকি কুর্দিদের প্রশিক্ষণ দিয়েছিল। ইরাকের ভূখণ্ডে অনুমতি না নিয়ে তুর্কি বাহিনীর এই অবস্থানকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করেছিল ইরাক। বিডি নিউজ।
