‘যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তে আইন হবে’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৮:১৬
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘অচিরেই পাকিস্তানের কৃতদাস যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হবে।’
 
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মুক্ত দিবস উপলক্ষে শনিবার উপজেলায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মন্ত্রী এ কথা জানান। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. এনায়েত হোসেন সভাপতিত্ব করেন।
 
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের কোনো আইন নেই। এ জন্য আইন প্রণয়ন করা হবে। বাংলদেশের আর কোনো মুক্তিযোদ্ধা অবেহেলিত থাকবে না।’
 
মোজাম্মেল হক আরো জানান, আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা বিনামূল্যে করা হবে।  তাদেরকে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।
 
এতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদীর গামা, সহ সাংগঠনিক সম্পাদক এসএম মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা মিয়া মুজিবর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ক্যাপ্টেন (অব) নুর মোহাম্মদ বাবুল, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদরুদ্দোজা বদর বিশেষ অতিথির বক্তব্য দেন।
 
সমাবেশে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, এসএম মহসীন আলী, খান ওলিউর রহমান, শরীফ মো. মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধ প্রজম্মের মো. মশিউর রহমান খান, খালিদ হোসেন লেবু প্রমুখ বক্তব্য রাখেন।