'আন্তর্জাতিক গণমাধ্যমে সঠিকভাবে চিত্রায়িত নয় এশিয়া-আফ্রিকা'

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৮:২৮
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নের জন্য একই ধরণের সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে গেছে এশিয়া ও আফ্রিকার মানুষ। এ কারণে তাদের মানসিক মিল ভৌগলিক দূরত্বকে জয় করেছে। সেই সঙ্গে এশিয়া ও আফ্রিকা আন্তর্জাতিক গণমাধ্যমে সঠিকভাবে চিত্রায়িত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
 
স্থানীয় সময় শুক্রবার বিকেলে মরক্কোর মারাকাশ নগরীতে দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মারাকাশে ইসলামি দেশগুলোর সংস্থা ওআইসি আয়োজিত ১৭ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপাশি এ বৈঠকে মিলিত হন দু'দেশের মন্ত্রী।
 
আন্তর্জাতিক গণমাধ্যমে আফ্রিকার প্রতিফলনের দিকে দৃষ্টি রেখে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক ক্ষেত্রেই আফ্রিকা যেমন সঠিকভাবে চিত্রায়িত নয়, তেমনটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটে। সাম্প্রতিককালে পদ্মাসেতু'র বিষয়ে এমনটা ঘটেছিল।
 
কিন্তু বিশ্বব্যাংকের অসহযোগিতা সত্ত্বেও নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ কাজের মধ্য দিয়ে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে, উল্লেখ করে তিনি বলেন, আফ্রিকাও অচিরেই তাদের সক্ষমতার প্রমাণ দেবে।
 
হাসানুল হক ইনু বৈঠকে মুস্তফা আল খালফিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্যপ্রবাহ, গণমাধ্যম এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এবং এক্ষেত্রগুলোতে বাংলাদেশ আফ্রিকার উন্নয়ন সহযোগী হতে ইচ্ছুক।
 
মরক্কোর যোগাযোগমন্ত্রী এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সঙ্গে তার দেশের সরকারি বার্তা সংস্থা, টেলিভিশন ও বেতারের যোগাযোগ বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সাড়া দেন।
 
উল্লেখ্য, সফরশেষে ২৩ ডিসেম্বর তথ্যমন্ত্রী দেশে ফিরবেন।