তৃতীয়বারের মতো সিসেলিসের প্রেসিডেন্ট হলেন জেমস মিশেল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৯:২৪

সিসেলিসের প্রেসিডেন্ট জেমস মিশেল সামান্য ভোটের ব্যবধানে তৃতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মাত্র ১৯৩ ভোটের ব্যবধানে তিনি এ জয় পান।

 

এদিকে দেশটির বিরোধী দল জয়-পরাজয়ের ক্ষেত্রে এতো কম ভোটের ব্যবধান হওয়ায় ভোট পুনঃগণনার আহবান জানিয়েছে। শনিবার নির্বাচন কমিশন একথা জানায়।


জাতীয় এসবিসি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মিশেল বলেন, ‘আজ জনগণ তাদের পছন্দের প্রতিফলন ঘটিয়েছেন। তারা চান সিসিলিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে আমার নেতৃত্ব অব্যাহত থাকুক’।


সরকারি ফলাফলে দেখা যায়, ‘ভারত মহাসাগরীয় এ দ্বীপপুঞ্জে নজিরবিহীন দ্বিতীয় দফার ভোটে ৭১ বছর বয়সী মিশেল ৫০.১৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১ হাজার ৫১২। পক্ষান্তরে বিরোধী দলীয় নেতা ওয়াভেল রামকালাওয়ান ৪৯.৮৫ শতাংশ ভোট পান। নির্বাচনে এ নেতার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩১ হাজার ৩১৯। এতে ভোটের ব্যবধান দাঁড়ায় মাত্র ১৯৩।


নির্বাচনের প্রাক্কালে ভোটারদের অর্থ দেয়া হয়েছে সিসেলিস বার্তা সংস্থার (এসএনএ) এমন খবরের বরাত দিয়ে ৫৪ বছর বয়সী রামকালাওয়ান বলেন, ‘নির্বাচনে ‘অনেক অনিয়ম’ হয়েছে। এ নির্বাচনের ফলাফল আমরা মেনে নিতে পারি না। বিরোধী দলের পক্ষ থেকে ভোট পুনঃগণনার আহবান জানানো হয়েছে। বাসস