ডাক্তারদের ইন্টারনিশিপের সময়কাল দুই বছর করার কথা ভাবছে সরকার। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এর শহীদ ডা. মিলন হলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপিকা ডা. শায়লা খাতুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ২ বছর ইন্টার্নশিপ করতে হবে। এক বছর নিজের প্রতিষ্ঠানে ও আরেক বছর গ্রামে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু-সার্জারীতে পেডিয়াট্রিক এ্যানেসথেসিয়া খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য সরকার এ্যানেসথেসিয়ার লোকবল বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মেডিকেল কলেছে শিশু সার্জারীতে ৫৯টি নতুন পদ সৃষ্টির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। আমরা চাই প্রতিটা গ্রামের মানুষ সঠিক ভাবে যেন স্বাস্থ্য সেবা পায়।-বাসস।
