নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, 'ঢাকায় পাকিস্তানি দূতাবাস থেকে বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে। ফারিনা নামের পাকিস্তানের দূতাবাসের একজন জঙ্গিবাদের মদদ দিচ্ছে। তার ফলশ্রুতিতে চট্টগ্রামে নেভির মসজিদে বোমা হামলা হয়।' রবিবার সায়েদাবাদ বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শ্রমিক নেতা শাজাহান খান আরও বলেন, 'বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা (পাকিস্তান)। একাত্তর সালে গণহত্যার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।'
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধী সদস্যের প্রতীকী বিচারের রায় ঘোষণা করা হবে বলে এ সভায় জানান শাজাহান খান।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের সরকার ও রাজনীতিকদের নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
মতবিনিময় সভা থেকে শ্রমিক ইউনিয়নের আগামী কয়েক মাসের কর্মসূচির কথাও জানানো হয়। এর মধ্যে রয়েছে ৩ জানুয়ারি বিকাল ৩টায় শাপলা চত্বরে গণজমায়েত এবং বিক্ষোভ মিছিল। ৬ জানুয়ারি যুদ্ধাপরাধী নিজামির ফাঁসির রায় বহাল ও দ্রুত কার্যকরের দাবিতে সকাল ৯টা থেকে প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান।
