মাঝে অনেকদিন কোনো ধারাবাহিকে অভিনয় করেননি অভিনেতা নাঈম। একটু ঢুঁ মেরে দেখা গেলেও গত দুই বছর মূল ব্যস্ততা ছিল একক নাটক ঘিরেই। এখন আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত ব্যস্ত তিনি।
এনটিভিতে ‘বাক্সবন্দি’ শিরোনামে একটি নাটক এরইমধ্যে প্রচার শুরু হয়েছে নাঈমের। হৃদি হকের পরিচালনায় আরও একটি নাটক শিগগিরই প্রচারিত হবে। এছাড়া আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন নাঈম। এবিষয়ে নাঈম বলেন, ‘গত দুই বছর ধারাবাহিক থেকে দুরে ছিলাম। কারণ একক নাটক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ধারাবাহিকে সময় দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া ধারাবাহিকে কাজ করলে নিয়মিত একটি সিডিউল বাঁধা থাকে সেটা হয়ে উঠেনি।’
কয়েকমাস আগে চলচ্চিত্রে কাজ করার আভাস দিয়েছিলেন নাঈম। বলেছিলেন বছরের শেষে হয়তো কাজ শুরু করবেন তিনি। কিন্তু এখন পরিকল্পনা পুরোপুরি ভিন্ন। নাঈম জানান, আপাতত ছোটপর্দাতেই থাকতে চান। পাশাপাশি বিজ্ঞাপন করার ইচ্ছে থাকলেও ভালো গল্পের অপেক্ষায় আছেন তিনি। নাটকের দর্শক গ্রহনযোগ্যতার বিষয়টি আলোচনায় আসছে অনেকদিন ধরেই।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকের গ্রহনযেগ্যতা এখনও আছে। দর্শক টিভিতে না দেখলে ইউটিউবে দেখছে। যদি দর্শক নাটক না দেখতো তাহলে আমি একমত হতাম। নাটকের গ্রহনযোগ্যতা এখনও আছে, হয়তো চ্যানেলে দেখার আগ্রহ কমে গেছে।’
