নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন পৌর ওলামা দলের সভাপতি আতিকুর রহমান আতিককে (২৭) দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। আতিক পৌর শহরের দক্ষিণ দমদমা মহল্লার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের গাইনপাড়া (বুড়াপীর তলা) মহল্লায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শামীম আল রাজী মু. সিহানুর রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিতে লোকজনের মাঝে টাকা বিলি করছিলেন সিংড়া পৌর ওলামা দলের সভাপতি আতিকুর রহমান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
