সংসদের এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির দ্বিতীয় সভায় কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো কার্যকর করে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
ইউএনএফপিএ এর অর্থায়নে সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্র্যাংদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটিং ইস্যূস ইন টু ডেভলপমেন্ট (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত এ সাব- কামটির এ সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে পরামর্শ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় যে সমস্ত এলাকায় মাতৃমৃত্যু হার বেশী সেসব এলাকার সংসদ সদস্যবৃন্দের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় বাল্যবিবাহ প্রবণ এলাকার সংসদ সদস্যবৃন্দের মাধ্যমে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন সৃষ্টির উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করা হয়।
চিফ হুইপ ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির আহ্বায়ক আ. স. ম. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আ. ফ. ম. রুহুল হক, মো. হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেছা, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ও ডা. মো. এনামুর রহমান অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাসস
