মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি থাকলেও ভবিষ্যতে এরা আর বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর বাংলা একাডেমিতে রবিবার সন্ধ্যায় একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা আমাদের শক্তিশালী বিরোধী শক্তি। এরা থাকবে, তবে এদেশে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।
২০০৬ সালেই সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন হয়েছে দাবি করে তিনি বলেন, এখন আমরা যে অবস্থায় আছি, আমি মনে করি- দেশে সব সময় এরা থাকবেই। আমার দৃঢ় বিশ্বাস-এরা রাষ্ট্র ক্ষমতায় কখনও প্রভাব ফেলতে পারবে না। আমাদের রূপরেখা অনুযায়ী এরা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না।
অধ্যাপক মুনতাসীর মামুনের এক বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, মুনতাসীর মামুন বলেছেন- আমরা বলি আমাদের দেশটি একটি জাতি রাষ্ট্র। কিন্তু এটা নিয়ে বহু প্রশ্নের অবকাশ রয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিনের ‘বাঙালি সমাজ ও সাহিত্যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিত।
অনুষ্ঠানে বক্তব্যে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য মাদ্রাসাকে দায়ী করে মুনতাসীর মামুন বলেন, এই মাদ্রাসার পিছনে আওয়ামী লীগ সরকার বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি খরচ করেছে।
বইয়ের লেখক নূহ-উল-আলম লেলিন বলেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিষবাষ্প থেকে উত্তরণের উদ্দেশ্যে আমি উদ্বদ্ধু হয়ে এই বই রচনা করেছি। এগুলো মানব সভ্যতার পুরনো রোগ বা ব্যধি। হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংঘাত, হত্যা, দেশবিভাগের মতো ঘটনা ঘটেছে এই মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কারণে।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, অধ্যাপক মোহাম্মদ জমির, অধ্যাপক আফসার আহমদ বক্তব্য রাখেন।
