জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘একজন নাগরিকের স্বাধীনতা হরণ করা হলে তার জবাব রাষ্ট্রকে দিতে হবে’।
তিনি আজ রবিবার নগরীর আরডিাঅরএস বাংলাদেশ-এর বেগম রোকেয়া অডিটোরিয়ামে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে মানবাধিকার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে মানবাধিকার নামধারী আন্তর্জাতিক কিছু সংগঠনের ভূমিকার সমালোচনা করে ড. মিজানুর বলেন, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা আছে এবং কার্যকর করাও হচ্ছে। অন্যান্য দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। অথচ বাংলাদেশে দু’জন মানবতাবিরোধীর মৃত্যুদণ্ড হলে তা নিয়ে আন্তর্জাতিকভাবে নানা রকম চাপ আসে। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
আসন্ন পৌরসভা ও স্থানীয় সরকার নির্বাচনে একজন নাগরিক যেন তার ভোটাধিকার প্রযোগ করতে পারেন তা রাষ্ট্রকে ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, এখানে যদি ব্যতয় ঘটে তাহলে গণতন্ত্রের জন্য তা হুমকির কারণ হবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ কে এম নুরুন্নবী, জাতীয় মানবাধিকার কমিশনের সেক্রেটারী আমজাদ হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদার। বাসস
