আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিডিটউটে ‘লাইভ নচিকেতা উইথ চৈতী’ শীর্ষক কনসার্ট মাতাবেন আধুনিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে গাইতে এসেছিলেন তিনি। ভারতীয় কণ্ঠশিল্পী নচিকেতার জন্ম কলকাতায় হলেও বাপ–দাদার ভিটা বরিশালে।
১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভাল আছি’ শিরোনামের অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে তিনি অনেক জনপ্রিয়। গত বছর পর্যন্ত তাঁর ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। আর মিশ্র অ্যালবাম আছে ১১টির মতো। এ ছাড়া চলচ্চিত্রে প্লেব্যাক তো আছেই। ১৯৯৮ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। সেই চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘একদিন স্বপ্নের দিন’ শ্রোতাদের মুখে মুখে ফিরেছে।
