কেন্দুয়ায় পোস্টার ছেঁড়ার হিড়িক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৩
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও বাসা-বাড়ির দেয়াল থেকে নির্বাচনী পোস্টার উঠিয়ে ফেলছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের সেঁটে দেয়া ওইসব পোস্টার রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর মধ্যে ছিঁড়ে উঠিয়ে ফেলতে দেখা গেছে।
 
জানা গেছে, আসন্ন কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ প্রতীক সম্বলিত পোস্টার পৌর শহরের বিভিন্ন গ্রাম ও মহল্লার প্রতিষ্ঠান, স্থাপনাসহ সকল বাসা-বাড়ির দেয়ালে সেঁটে দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. রুহুল আমিনের দৃষ্টি গোচর হলে তিনি রবিবার বিকালে সব প্রার্থীকে তার কার্যালয়ে ডেকে নিয়ে সোমবার দুপুরের মধ্যে ওইসব পোস্টার উঠিয়ে ফেলার নির্দেশ দেন।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. রুহুল আমিন জানান, কোনো প্রতিষ্ঠান, স্থাপনা ও বাসা-বাড়ির দেয়ালে পোস্টার সেঁটে প্রচারণা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই পোস্টার উঠাতে সব প্রার্থীকে বলা হয়েছে। তবুও যদি কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।