৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় শ্রুতিলেখক নেয়ার জন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, শ্রুতিলেখক অধ্যায়নরত থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এবং শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে চিকিত্সকের প্রত্যায়নপত্রসহ আবেদন করতে হবে।
‘পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা’ বরাবর আবেদন জমা দিতে হবে।
আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রুতিলেখকের নামে ছবিযুক্ত অনুমতিপত্র দেবে পিএসসি। পরীক্ষার দিন ঐ অনুমতিপত্রসহ শ্রুতিলেখক নিয়ে প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
