৩০ ডিসেম্বর পৌর নির্বাচন। আর এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ নিয়ে ঢাকায় শুরু হল ইলেকশন হ্যাকাথন।
হাইফাই পাবলিক, এশিয়া ফাউন্ডেশন, ড্যানিডা, ইউকে এইড সিডার সহযোগিতায় রবিবার থেকে গুলশানের সিক্স সিজন হোটেলে শুরু হয়েছে দুইদিনের এই আয়োজন।
ইলেকশন হ্যাকাথনে তরুণ প্রতিযোগীদের পৌর নির্বাচনে প্রার্থী ও ভোটারদের কাজে লাগে এমন মোবাইল ও ওয়েব অ্যাপ তৈরি করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনুষদ সদস্য এবং বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠানের সদস্যসহ মোট ১০০ জন প্রতিযোগি এই আয়োজনে অংশ নিচ্ছেন।
আয়োজনটি সম্পর্কে হাইফাই পাবলিকের সম্পাদক কুতুব উদ্দিন কামাল জানান, এটি তাদের দ্বিতীয় আয়োজন। পূর্বে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ঢাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এই আয়োজন।
তিনি আরও জানান, ইলেকশন হ্যাকাথনের অন্যতম উদ্দেশ্য নির্বাচন সম্পর্কে তরুণ ভোটারদের সচেতন করা। এছাড়া বিনামূল্যে এই সকল মোবাইল ও ওয়েব অ্যাপের সুবিধা সকল ভোটারদের মাঝে ছড়িয়ে দেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর পৃথিবীর অন্যান্য দেশে আয়োজিত ইলেকশন হ্যাকাথন এবং এই ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানটিতে প্রযুক্তি কীভাবে নিরপেক্ষ নির্বাচনে অবদান রাখতে পারে এই সম্পর্কে বক্তব্য দেন হাইফাই পাবলিক ডটকমের সিওও শাহরিয়ার রহমান।
দুই দিনব্যাপি এই আয়োজন শেষ হবে ২১ ডিসেম্বর। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে স্মার্টফোন, ল্যাপটপসহ নানা পুরস্কার।
আয়োজনটিতে বিচারক হিসেবে রয়েছে হাইফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম, জি-টেকের প্রধান সফটওয়্যার স্থপতি জাহিদ ইসহাক, সফটওয়ার গ্লোবালের প্রতিষ্ঠাতা এম এম মুনিরুজ্জামান, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রামার অফিসার নুরুল ইসলামসহ আরও অনেকে।
