বাংলাদেশে নতুন স্মার্টফোন আনছে আসুস

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:৪০
 
আগামী বছর ‘জেন ফোন ৩’ স্মার্টফোন বাজারে আনছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। জেন ফোন সিরিজের স্মার্টফোনের বাজার বাড়াতে বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, মিসর ও নাইজেরিয়ায় কাজ করবে আসুস কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
ডিজিটাইমসের  প্রতিবেদনে বলা হয়েছে, আসুসের তৈরি ‘জেন ফোন ৩’ সিরিজের স্মার্টফোন হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। আগামী বছরের প্রথমার্ধে জেন ফোন সিরিজের তৃতীয় সংস্করণ বাজারে আসতে পারে।
 
এর আগে ২০১৪ সালে জেন ফোন ও ২০১৫ সালের প্রথমদিকে জেন ফোন ২ সিরিজ বাজারে ছেড়েছিল আসুস।
 
প্রতিবেদনে বলা হয়েছে, জেন ফোন ৩ সিরিজের জন্য তাইওয়ানের এলান মাইক্রোইলেকট্রনিকস ও চীনের গুডিক্সের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ প্রযুক্তি নিতে পারে আসুস।
 
আসুস তাদের জেন ফোন সিরিজের স্মার্টফোন বাজারে এনে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতের বাজারে ভালো সাড়া পেয়েছে। এছাড়াও ব্রাজিল, রাশিয়া ও তাইওয়ানের বাজারে ভালো সাড়া পেয়েছে স্মার্টফোনগুলো। এখন এর বাজার বাড়াতে মিয়ানমার, কম্বোডিয়া, বাংলাদেশ, মিসর ও নাইজেরিয়ায় আগামী বছর স্মার্টফোন বিক্রি করতে যাচ্ছে।
 
স্মার্টফোনের বাজারে হুয়াই, শিয়াওমি, লেনোভো, অপো, ভিভো, মেইজু, কুলপ্যাড, জেডটিই ও টিসিএলের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে আসুসকে।
 
এর আগে আসুসের প্রধান নির্বাহী জনি শিহ বলেছেন, নতুন স্মার্টফোনের সঙ্গে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট নামের দ্রুতগতির পোর্ট। এখন পর্যন্ত ওয়ানপ্লাস টু, নেক্সাস ৫ এক্স, নেক্সাস ৬পি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই পপ্রুক্তি ব্যবহূত হয়েছে। মাইক্রোসফটের লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল, নকিয়া এন ১ ট্যাবলেটে ইউএসবি-সি পোর্ট রয়েছে। খবর: এনডিটিভি।