উচ্ছেদের পর রাজধানীর মিরপুরের বাগানবাড়ী বস্তির কয়েকশ মানুষ চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, রবিবার রাতে মাইকিং করে সোমবার সকাল ৮টার মধ্যে বস্তি খালি করে দিতে বলা হয়। সোমবার ওই বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মঙ্গলবারও উচ্ছেদ অভিযান চলবে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, বস্তি সংলগ্ন মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে প্রায় ২৭ কাঠা জমি বরাদ্দ হওয়ায় বস্তি উচ্ছেদ করতে এসেছেন তারা। নিয়ম মেনেই উচ্ছেদ চালাচ্ছেন তারা। মিরপুর ১৪ নম্বরের মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের সিএনজি স্টেশনের পাশ দিয়ে সরু একটি গলি ধরে একটু হাঁটলেই বাগানবাড়ী বস্তি।
এই বস্তিতে প্রায় ৮ বছর ধরে বাস করা রিকশাচালক ইউসুফ আলী বলেন, গত রাতে মাইকিং করে বলা হয়, সকাল ৮টার মধ্যে সকলে যেন মালামাল সরিয়ে ফেলে। সকাল ৯টায় সরকারি লোকজন এসে বস্তি খালি করতে শুরু করে।
আরেক রিকশাচালক আওয়াল মিয়া বলেন, মাসের এ সময় ঘর পাওয়া যায় না। সকাল থেকে ঘর খুঁজছি, কিন্তু সবাই বলছে ১ তারিখে যেতে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার নুরুল ইসলাম বলেন, এই জমিটি মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে বরাদ্দ করা। এখানে ১০ বছরেরও বেশি সময় ধরে বস্তি বানিয়ে লোকজন থাকছিল। সকাল সাড়ে ১০টা থেকে আমরা এখানে উচ্ছেদ চালাচ্ছি। উচ্ছেদ শেষ করে জমি মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালকে বুঝিয়ে দেয়া হবে।
বস্তিবাসীর সময় চাওয়ার বিষয়ে তিনি বলেন, সব কিছু নিয়ম মেনেই হয়েছে। আগে থেকে তাদের নোটিস দেয়া হয়েছিল। কয়েক দফা মাইকিং ও করা হয়েছে।
