‘জানুয়ারিতে রেলওয়েতে ২৭০টি কোচ সংযোজন’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২০:৪৭

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, জানুয়ারিতে রেলওয়েতে ২৭০টি কোচ সংযোজন হবে এবং তার সুফল আগামী কয়েক মাসের মধ্যে দেশবাসী পাবে। তিনি বলেন, চলতি বছরের তুলনায় রেলওয়েতে আগামী নতুন বছরে আরো বেশী কোচ সংযোজিত হবে। সোমবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলওয়ে ওয়াকর্শপ পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বিগত সময়ে বাংলাদেশ রেলওয়েকে পঙ্গু করে দেয়ার চেষ্টায় লিপ্ত বিএনপি দেশের বিভিন্ন রেল স্টেশন বন্ধ করে দেয় এবং রেলওয়ের বিভিন্ন লাইন কেটে ফেলে।


আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর দেশে নতুন নতুন রেললাইন নির্মাণ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ৪৫ প্রকল্পের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। যার সুফল ইতোমধ্যে দেশবাসী ভোগ করতে শুরু করেছে।


যাত্রীদের কাঙ্খিত সেবা দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে নতুন নতুন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, নতুন বছরে নতুন নতুন চমক আসবে। এরমধ্যে উল্লেখযোগ্য হবে নতুন কোচ এবং লোকোমোটিভ দিয়ে যাত্রীদের বিশেষ সেবা প্রদান করা।


তিনি বলেন, সেই সাথে প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর ট্রেনের শিডিউল সঠিক রেখে সার্বক্ষণিক যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তাগণ।


মন্ত্রী আরো বলেন, বর্তমানে রেলের সেবার মান অতীতের চেয়ে অনেক গুণ বেড়েছে তাই সর্বস্তরের মানুষ এখন নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেশী প্রধান্য দিচ্ছে।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফিরোজ সালাহ উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, এডিজি (আরএস) খলিলুর রহমান, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, মহাব্যবস্থাপক (পূর্ব) মকবুল হোসন, রেপথমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ এন এম জসিম উদ্দীন প্রমূখ। বাসস