কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বিএনপির দুজন কেন্দ্রীয় নেতাসহ মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করেছে অভিযোগ করে তার নিন্দা জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরাজয়ে গ্লানি থেকে মুক্তি পেতে ও ভোটারদের ভয় দেখাতে এ হামলা চালানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার চান্দিনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে সভা করার সময় আওয়ামী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ফখরুল বলেন, পৌর নির্বাচন সামনে রেখে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের যে ভয়াবহতা চালিয়ে যাচ্ছে, চান্দিনায় হামলা তারই ধারাবাহিকতা। কেবল নিশ্চিত পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে এবং পেশিশক্তি প্রদর্শন করে সারা দেশের মতো চান্দিনা পৌর মেয়রের পদটিও ছিনিয়ে নিতে এ ধরনের হামলা করা হয়েছে।
