মুক্তিযুদ্ধ পরবর্তী জীবনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘স্বপ্নের ছায়া’। ইসহাক খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, তুষার খান, মাসুম আজিজ, ওয়ালিউল হক রুমি, বন্যা মির্জা, মীর সাব্বির, মীম, প্রাণ রায়, আ খ ম হাসান, ওবিদ রেহান, এ্যানি খান, আব্দুল হান্নান শেলী, নয়ন বাবু, জোহরা ইতিশা, হীরা, মুকুল সিরাজ, আনোয়ার শাহী, পিন্টু, ডা. রূপম প্রমুখ।
সেতু নামের এক যুবক বড় হয়ে জানতে পারে তার বাবা মুক্তিযুদ্ধের বিরোধীদের দলে—অর্থাত্ রাজাকার ছিল। ব্যাপারটা তাকে বলে তার প্রেমিকা বৃষ্টি। তাকে আঘাত করার জন্য প্রেমিকা বৃষ্টি কথাটি বলে। সেতু বিশ্বাস করে না। সে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বৃষ্টিকে—সে অসম্ভব, আমার বাবা আর যাই হোক রাজাকার হতে পারে না। বৃষ্টি বলে—আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। সেতু বাসায় এসে মাকে জিজ্ঞেস করে। মা কথাটা এড়িয়ে যায়। বলে—সেটা তোর বাবাকেই জিজ্ঞেস কর। আমাকে জিজ্ঞেস করছিস কেন? সেতু অগত্যা বাবাকেই এ প্রসঙ্গে জিজ্ঞেস করে। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প। নাটকটি প্রচার শুরু হয়েছে এটিএন বাংলায়।
প্রচার হচ্ছে প্রতি সোমবার রাত ১১টা ২৮ মিনিটে।
