মুক্তিযুদ্ধের চেতনায়ই রাজনীতি করতে হবে : সুরঞ্জিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০৯:৪২
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকে মেনেই রাজনীতি করতে হবে।
 
সোমবার রাতে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়াকে গণতান্ত্রিক ও জনবান্ধব পন্থায় রাজনীতি করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বোমা মেরে মানুষ পোড়াবেন আর রাজনীতির নামে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আস্ফালন করবেন, তা দেশের মানুষ মেনে নেবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও সংবিধানের প্রশ্নে কাউকে এক চুলও ছাড় দেয়া হবে না। কাউকে ক্ষমতায় যেতে হলেই এসব মেনে রাজনীতি ও নির্বাচন করতে হবে।
 
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, অ্যাডভোকেট রণজিত দাশ, অ্যাডভোকেট ফরিদুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম ও জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমদ জয়।