কেনিয়ায় খ্রিস্টানদের রক্ষা করলো মুসলিমরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১০:০৮
কেনিয়ার একটি বাসে ইসলামি জঙ্গিরা খ্রিস্টান যাত্রীদের খুন করতে চাইলে মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে তাদের রক্ষা করেন মুসলিমযাত্রীরা। এই হামলায় দুজন নিহত হয়েছেন।
 
সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গি কেনিয়ার উত্তর পুর্বের এল ওয়াক গ্রামে একটি বাস আটকায়। বাসটি কেনিয়ার রাজধানী থেকে মান্দেরা শহরে যাচ্ছিল। সেই বাসে যাত্রীদের বলা হয়, খ্রিস্টান ও মুসলিম দুইভাগে আলাদা হয়ে যেতে। কিন্তু মুসলিম যাত্রীরা সেটি করতে অস্বীকৃতি জানায়। একজন স্থানীয় গভর্নর কেনিয়ার গণমাধ্যমকে বলেন, মুসলিম যাত্রীরা জঙ্গিদের বলে হয় তাদের সবাইকে খুন করতে অথবা সবাইকে ছেড়ে যেতে। এই হামলার সময়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সব মিলিয়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 
এর আগে গত এপ্রিলে গারিসা বিশ^বিদ্যালয়ে ১৪৮ জন মানুষকে গুলি করে হত্যা করে আল শাবাব। তখন খ্রিস্টানদের চিহ্নিত করে গুলি করে হত্যা করেছিল এবং মুসলিমদের ছেড়ে দিয়েছিল। গত বছরও ক্রিসমাসের ছুটিতে নাইরোবিতে যাওয়া একটি বাসে হামলা করে ২৮ জন অমুসলিমকে হত্যা করেছিল এই জঙ্গিগোষ্ঠী। মান্দেরায় সেই হামলার পরে প্রায় দুই হাজার অমুসলিম শিক্ষক ও প্রায় সমান সংখ্যক স্বাস্থ্যকর্মী মুসলিম অধ্যুষিত সেই অঞ্চল ছেড়ে গিয়েছিলেন। বিবিসি।