বাংলাদেশে ইসলামি জঙ্গিদের রোষানলে পড়া ব্লগারদের মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িক ভিসা দেয়ার আবেদন জানিয়েছে দেশটির একটি মানবাধিকার সংস্থার জোট। মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করা পেন আমেরিকার নেতৃত্বে আটটি মানবাধিকার সংস্থা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে এই আবেদন জানিয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশে এই বছর ইসলামি জঙ্গিদের হামলায় পাঁচজন ব্লগার নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন (অভিজিৎ রায়)। এছাড়া আরো চারজন আহত হওয়ার কথাও বলা হয়। জন কেরির কাছে লেখা চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টাস উইথআউট বর্ডার্স বলেছে, এই লেখকরা বিপদের মধ্যে রয়েছেন।
পেন’র মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক প্রোগ্রামের পরিচালক কারিন ডয়েশ কার্লেকার বলেন, অনেক বাংলাদেশি লেখকরা পালিয়ে বেড়াচ্ছে। সরকার হয় নিরাপত্তা দিতে অসম্মত অথবা ব্যর্থ। তার বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের ব্লগার এবং লেখকরা দ্বিমুখী সংকটে রয়েছে। জঙ্গি সংগঠনের মৃত্যু পরোয়ানা যেমন রয়েছে তেমনি সরকারের ধর্মবিদ্বেষের অভিযোগে তারা গ্রেফতার আতঙ্কেও রয়েছেন।
পেন আমেরিকার নির্বাহী পরিচালক সুজান নোসেল বলেন, লেখকরা ভীতির মধ্যে জীবনযাপন করছে এবং হিউম্যানিটারিয়ান প্যারোলের মাধ্যমে তাদের সাময়িক ভিসা দেয়া হোক। নিজের মতপ্রকাশের জন্য জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন এই লেখকদের বাচানোর দায়িত্ত্ব যুক্তরাষ্ট্রের নেয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। রয়টার্স।
