মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রৃকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।
IMG0
উৎসবে ডিসেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি বোর্ডের সদস্যরা। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে শুক্রবার (২৫ ডিসেম্বর)। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়।
৮টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকেল ৩টায়। এগুলো হলো- ‘স্বপ্ন’ নির্মাতা রুমু ইসলাম (উদ্বোধনী প্রদর্শনী), ‘টু-নেস’ নির্মাতা জাবেদ পাটওয়ারী (উদ্বোধনী প্রদর্শনী), ‘ডেড’স সার্কাস’ নির্মাতা ফরিদুল আহসান সৌরভ (উদ্বোধনী প্রদর্শনী), ‘কালার অব ক্লাউডস’ নির্মাতা নাহিদ হাসান (উদ্বোধনী প্রদর্শনী), 'দেয়াল’ নির্মাতা সুজন ভট্টাচার্য, ‘চোর’ নির্মাতা শাহজাহান শামীম, ‘সময়’ নির্মাতা আবু নাঈম মাহতাব মোর্শেদ এবং ‘এরপর বাস্তবতা’ নির্মাতা এস এ সাদিক (উদ্বোধনী প্রদর্শনী)।
বিকেল ৫টায় প্রদর্শিত হবে তিনটি প্রামাণ্য চলচ্চিত্র। প্রামাণ্য চলচ্চিত্র ‘বাংলাদেশের হৃদয়’ নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, ‘উজানযাত্রা’ নির্মাতা আরাত্রিক বকশী, অদ্রি হৃদয়েশ এবং শরীফ রেজা মাহমুদ এবং ‘ইলিশ বৃত্তান্ত’ নির্মাতা পলাশ রসুল।
সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনী হবে দুটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রের। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘অপেক্ষা’ নির্মাতা সরওয়ার জাহান খান এবং ‘তামসিক নিসর্গ’ নির্মাতা শ্যামল শিশির।
