স্টার সিনেপ্লেক্সে ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৫
দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। আর বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য ঢাকার স্টার সিনেপ্লেক্স ছবিটি নিয়ে আসছে ২৫ ডিসেম্বর। আগের দিন ২৪ ডিসেম্বর জমকালো আয়োজনে ছবিটির লালগালিচা প্রদর্শনী হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
 
জে জে আব্রামস পরিচালিত এবারের ছবিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ঙ, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলিসহ আরও অনেকে। মুক্তির পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি এরইমধ্যে আয় করে ফেলেছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটির প্রযোজনা সংস্থা ডিজনি বলছে, শুধুমাত্র ১৭ ডিসেম্বরের প্রিভিউ থেকেই সিনেমাটি তুলে এনেছে ৫  কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার পর ছবিটির আয়ের খাতা খুলেছে ১০ কোটি মার্কিন ডলার নিয়ে, যা ইতোমধ্যেই ‘হ্যারি পটার: দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু’র ৯ কোটি ১১ লাখ ডলারের রেকর্ড ছাড়িয়েছে।
 
তিন দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছে সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি। ‘স্টার ওয়ারস’-এর স্রষ্টা জর্জ লুকাস। ১৯৭৭ সাল থেকে তিনি এই ফ্রাঞ্চাইজির ছয়টি ছবি নির্মাণ করেন। ২০০৫ সাল পর্যন্ত এ সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো মোট আয় করেছে ৪৪০ কোটি ডলার। তিন বছর আগে লুকাস ফিল্ম থেকে ৪০০ কোটি ডলারের বিনিময়ে সিরিজের স্বত্ব কিনে নেয় ডিজনি।