চান্দিনায় বিএনপি নেতা ফারুকের গণসংযোগে বাধা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:১৯

 

কুমিল্লার চান্দিনা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খানের পক্ষে সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের গণসংযোগে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলাতলী কমিশনার মার্কেটের সামনে বিএনপি জাতীয় কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে হামলার চেষ্টা করেন। হামলার ছবি তুলতে গেলে সাংবাদিক জাকিরের ক্যামেরা কেড়ে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় জয়নুল আবেদীন ফারুক ক্ষোভ প্রকাশ করেন।

চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।