দলীয় প্রতীকে পৌর নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ‘নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি অথবা পরাজিত হতে পারি। কিন্তু রাজনীতিতে আমরা জয়লাভ করেছি, রাজনীতিতে আমরা জয়লাভ করব। জোর করে ভোট নিলে সারা বিশ্ব দেখবে। মেয়র আমি পাব না, কিন্তু রাজনীতির পক্ষের শক্তি আমরা পাব।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে নোমান বলেন, ‘একটা পৌর নির্বাচন হচ্ছে, ভোটাররা ভোট দিতে সাহস পাচ্ছে না। এখন প্রতিনিয়ত আমাদের প্রার্থীদের ওপর নির্যাতন হচ্ছে, নেতা-কর্মীরা নির্বাচনের কাজ করতে পারছে না। এমনকি প্রার্থীরা পলাতক অবস্থায় নির্বাচন করছেন। এ রকম পরিস্থিতি যদি থাকে তাহলে এটা কিসের নির্বাচন? এখানে জয়-পরাজযের কি অর্থ থাকতে পারে?’ নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ ও ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান আখ্যায়িত করেন তিনি।
