অষ্টম বেতন কাঠামোতে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভিযোগ করে দুই দিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নাসরীন বেগম এই কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষা ক্যাডারের বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, ‘সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আগামী ৪ ও ৫ জানুয়ারি সরকারি কলেজের শিক্ষকরা পরীক্ষা বর্জনসহ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।’
নতুন বেতন কাঠামোতে অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রমের অবনমন করা হয়েছে অভিযোগ করে নাসরীন বলেন, ‘সরকারের এ ব্যবস্থা ‘সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ন করার সামিল।’ তিনি বলেন, অন্য ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম থেকে সরাসরি তৃতীয় গ্রেডে পদোন্নতি দেয়া হয়। কিন্তু শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকদের অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন। নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে। ফলে মর্যাদা ছাড়াও বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।’
সমিতির সাধারণ সম্পাদক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘দাবি বাস্তবায়ন না হলে সাধারণ সভায় শিক্ষকরা যে পথে হাঁটতে বলবেন- আমরা সে পথেই হাঁটব।’ শিক্ষকদের দাবির বিষয়ে ২৩ ডিসেম্বর শিক্ষা সচিব এবং ২৪ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলে জানান তিনি।
