মালয়েশিয়ায় প্রথম শরীয়া এয়ারলাইন চালু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:০৮
মালয়েশিয়ায় চালু হল বিশ্বের প্রথম ইসলামি শরীয়া আইন পালনকারী এয়ারলাইন- রায়ানি এয়ার। কুয়ালালামপুর, লাঙ্কাওয়ি এবং অন্যান্য গন্তব্য থেকে ছেড়ে আসা এই এয়ারলাইনসের বিমানগুলো শরীয়া আইন মেনে হালাল খাবার পরিবেশন করবে এবং মদ পরিবেশন থেকে বিরত থাকবে। আর নারী যাত্রীদের মাথার চুল ঢেকে রাখতে হবে।
 
রবিবার কুয়ালালামপুর থেকে রায়ানি এয়ারের একটি ফ্লাইট লাঙ্কাওয়ির উদ্দেশে ছেড়ে যায়। রায়ানি এয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাফর জামহারি বলেন, সব ফ্লাইটে মদ নিষিদ্ধ থাকবে আর পোশাক নীতমালাও আরো কঠোরভাবে অনুসরন করা হবে।
 
জামহারি বলেন, মুসলিম নারী কেবিন ক্রদের বাধ্যতামূলকভাবে হিজাব পরতে হবে আর অমুসলিম নারী কেবিন ক্রদের ‘শালীন’ পোশাক পরতে হবে। আর প্রতিটি ফ্লাইটের শুরুতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হবে।
 
প্রসঙ্গত, মালয়েশিয়ার জনসংখ্যার ৬০% মুসলিম। বাকীরা বৌদ্ধ ও খ্রিস্টান।
 
উল্লেখ্য, সৌদি আরব ও ইরানে ইতোমধ্যেই শরীয়া আইন মেনে চলা বিমান পরিবহন চালু হয়েছে। ইরানের ন্যাশনাল এয়ারলাইনস- ইরান এয়ারের নারী কেবিন ক্রদের সবসময়ই বাধ্যতামূলকভাবে মাথায় হিজাব পরতে হয়। আর সৌদি আরবের বিমান পরিবহনে মদ সম্পূর্ণরুপে নিষিদ্ধ। তবে ২০১৫ সালের জানুয়ারিতে সৌদি আরব বিমান পরিবহনে লিঙ্গ বৈষম্য করার কথা অস্বীকার করেছে।
 
যুক্তরাজ্যও ২০১৬ সাল থেকে শরীয়া আইন মেনে চলা বিমান পরিসেবা চালুর পরিকল্পনা করছে। বাংলাদেশেও কাজী শফিকুর রহমানের পরিচালনায় থাকা ফিরনাস এয়ারওয়েজ সিলেট রুটে শরীয়া আইন মেনে চলা বিমান পরিবহন চালুর ঘোষণা দিয়েছে।