মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি না করতে খালেদা জিয়াকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার এক আলোচনায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পুনরায় আর কোন প্রশ্ন তুললে দেশের জনগণ খালেদা জিয়ার মুখ চিরতরে বন্ধ করে দিবে।
রাজধানীর মিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী খালেদা জিয়া যদি মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি উল্টা-পাল্টা কথা বলে, তাহলে দেশের জনগণ তার মুখ চিরতরে বন্ধ করে দিবে। তিনি বলেন, ৯ মাস পাক আর্মির ক্যাম্পে আয়েশ করে থাকলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা খালেদা জিয়া জানবেন কী করে?
পারিবারিক ও রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে একজন ব্যর্থ নারী আখ্যা দিয়ে খালিদ বলেন, তিনি তার দুই ছেলেকে মানুষ করতে পারেননি। নির্বাচন বর্জনের হঠকারী সিদ্ধান্তে তার দল আজ ভঙ্গুর প্রায়। এখন তিনি বাঙালির হাজার বছরের অর্জন মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করছেন।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দলটির দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
