ফেসবুক বন্ধের প্রভাবে কমেছে ইন্টারনেট গ্রাহক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২১:১৬
 
প্রতি মাসেই বাড়তে থাকা ইন্টারনেট গ্রাহক হঠাৎ করেই গত নভেম্বর মাসে কমে গেছে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ অন্য অ্যাপসগুলো বেশ কিছুদিন বন্ধ থাকায় ইন্টারনেট গ্রাহক কমেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। বিশেষ করে মোবাইল ফোনের ইন্টারনেট গ্রাহকই কমেছে এই সময়। অক্টোবর মাসেও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫ কোটি ২৩ লাখ। আর নভেম্বর মাস শেষে সেটা হয়েছে ৫ কোটি ১৪ লাখ। মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৯ লাখ। তবে মোবাইল ফোনের গ্রাহক যথারীতি বেড়েছে। বর্তমানে দেশে ব্যবহৃত চালু থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। অক্টোবর মাসের শেষে চালু থাকা মোবাইল ফোনের সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার। গ্রাহক বেড়েছে ১১ লাখ ৬৭ হাজার। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই হিসেব প্রকাশ করেছে।
 
সংশ্লিষ্টরা বলছেন, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়। ডিসেম্বর মাসেরও অর্ধেক সময় এগুলো বন্ধ ছিল। ফলে ডিসেম্বরের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় এর প্রভাব পড়তে পারে। বর্তমানে এসব মাধ্যম চালু থাকায় জানুয়ারি মাস থেকে সবকিছু আবার আগের জায়গায় ফিরে যাবে বলে আশা করছে বিটিআরসি। ইন্টারনেট ব্যবহারকারী কিছুটা কমায় উদ্বেগের কিছু নেই বলে দাবি তাদের।
IMG0
বিটিআরসির হিসাব অনুযায়ী, নভেম্বরের শেষে বাংলাদেশে মোট ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। এর মধ্যে মোবাইল ফোনের ইন্টারনেট গ্রাহক ৫ কোটি ১৪ লাখ ৬৮ হাজার, আইএসপির মাধ্যমে ইন্টারনেট গ্রাহক ২৩ লাখ ও ওয়াইম্যাক্সের মাধ্যমে ব্যবহারকারী ১ লাখ ৫৪ হাজার। অক্টোবর মাস শেষে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৫ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার। এর মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে ৫ কোটি ২৩ লাখ ৩১ হাজার, আইএসপির মাধ্যমে ২১ লাখ ৬৮ হাজার এবং ওয়াইম্যাক্সে ১ লাখ ৫৯ হাজার। ফলে অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসে এসে মোবাইল ফোনের ইন্টারনেট গ্রাহক কমলেও বেড়েছে আইএসপির মাধ্যমে ব্যবহারকারী। সব মিলিয়ে মোট গ্রাহক কমেছে ৭ লাখের মতো। এই ধারা ডিসেম্বরেও অব্যহত থাকতে পারে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি মাসেও বিরোধী দলের আন্দোলনের মধ্য ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছিল। তখনও ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা কমেছিল। আন্দোলন শেষে এগুলো খুলে দেয়া হলে গ্রাহক আগের মতোই বেড়েছে। নভেম্বর মাসে সামাজিক যোগাযোগের সাইটগুলো বন্ধ থাকায় ব্যান্ডউইথ ব্যবহারও অর্ধেকের বেশী কমে গিয়েছিল। এখন ব্যান্ডউইথের ব্যবহার প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন একজন মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা।
IMG1

এদিকে দেশে ব্যবহূত চালু থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। অক্টোবর মাসের শেষে চালু থাকা মোবাইল ফোনের সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার। গ্রাহক বেড়েছে ১১ লাখ ৬৭ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ি, গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার, রবির গ্রাহক ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার, এয়ারটেলের গ্রাহক এক কোটি ৩ লাখ ৪৫ হাজার, টেলিটকের ৪০ লাখ ৫৭ হাজার এবং সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৩৪ হাজার। এ মাসেও টেলিটকের গ্রাহক কমেছে প্রায় ৮৪ হাজারের মতো। আর সিটিসেলের গ্রাহক কমেছে ৫৫ হাজার। এছাড়া অন্য সবগুলো অপারেটরের গ্রাহক বেড়েছে। সবচেয়ে বেশী বেড়েছে গ্রামীণফোনের গ্রাহক প্রায় ৬ লাখের মতো।