প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সেবক হয়ে থাকা সব থেকে বড় কাজ। সেটাই আমি করবার চেষ্টা করি।’
শুভ বড়দিনকে সামনে রেখে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার বাবা সারা জীবন এ দেশের মানুষের জন্যই সংগ্রাম করেছেন। মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে এটা তাঁর স্বপ্ন ছিল। তাঁর বড় সন্তান হিসেবে সেই স্বপ্নের কথা কিছুটা অবশ্যই আমার জানার সৌভাগ্য হয়েছে। তাই যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি, আমি নিজেকে এ দেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। প্রধানমন্ত্রী, এটা তো সাময়িক পদ। কিন্তু মানুষকে সেবা করা, মানুষের সেবক হয়ে থাকা সব থেকে বড় কাজ। সেটাই আমি করবার চেষ্টা করি।’
