পাবনা হাসপাতাল থেকে এক নবজাতক চুরি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২৩:১৪
পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২ দিন বয়সের এক নবজাতক কন্যা সন্তান চুরি হয়েছে। এ খবরে মা শেলী খাতুন বাকশূন্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেলী খাতুন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের সৌদি প্রবাসী উকিল উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার রাত ৮টার দিকে তার সন্তানটি চুরি হয়েছে।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যায় নবজাতকের দাদী হালিমা খাতুনের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় সে।
 
সন্তান হারানোর কথা শুনে মা শেলী খাতুন অজ্ঞান হয়ে পড়েন।
 
পুলিশ বাচ্চাটি উদ্ধারের জন্য পাবনার সকল হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের চেম্বারে তল্লাসি অব্যাহত রেখেছে।