গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘স্টার ওয়ারস:দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। বড়দিন উপলক্ষে বাংলাদেশের দর্শকরাও দেখতে পাবেন এই আলোচিত সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে এটি চলবে আগামী ২৫ ডিসেম্বর বড়দিন থেকে। এর আগের দিন এখানেই জমকালো আয়োজনে ছবিটির প্রিমিয়ার হবে।
তিন দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরলো সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি। তাই প্রথম প্রদর্শনীর টিকিটের চাহিদা ছিল ব্যাপক। নজিরবিহীন চাহিদার কারণে আগাম টিকিট বিক্রির মাধ্যম ওডিওন এবং পিকচার হাউসের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গিয়েছিল! মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছে ‘স্টার ওয়ারস:দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।
উল্লেখ্য, ‘স্টার ওয়ারস’-এর স্রষ্টা জর্জ লুকাস। ১৯৭৭ সাল থেকে তিনি এই ফ্রাঞ্চাইজির ছয়টি ছবি নির্মাণ করেন। ২০০৫ সাল পর্যন্ত এ সিরিজের ছয়টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলোর মোট আয়ের পরিমাণ ৪৪০ কোটি ডলার।
