খুলনায় শীর্ষ সন্ত্রাসী গরু মারুফকে গুলি করে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:০৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও ইউপি চেয়ারম্যানসহ একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামি মিরাজুল ইসলাম ওরফে মারুফ হোসেন ওরফে গরু মারুফকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুরস্থ কার্তিককুল বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, পাইপগান, ১ রাউন্ড গুলি ও ৫৪ পিস ইয়াবা উদ্ধার করেছে। মারুফ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, গরু মারুফকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার লাশ শনাক্ত করে।

তার বিরুদ্ধে উপজেলার সেনহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আব্দুল হালিম ও সন্ত্রাসী হুজি শহীদসহ একাধিক হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে।

ইত্তেফাক/আরকেজি