বিদেশি 'পরামর্শ ও অর্থায়নেই' কন্ট্রাক্ট কিলিং : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৪১
 
বিদেশি 'পরামর্শ ও অর্থায়নেই' সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যাকাণ্ডসহ বিভিন্ন নাশকতার মাধ্যমে আইএস'র নাম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, 'জাপানি নাগরিক হত্যা, ইমাম বাড়ায় হামলা, মাওলানা ফারুকিসহ সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে- সেগুলো বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে করা হয়েছে। যদিও বলা হচ্ছে এগুলো আইএস করেছে, কিন্তু তা সত্য নয়।
 
মন্ত্রী বলেন, 'বিদেশ থেকে পরামর্শ করে কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে এসব হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।'
 
সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা, আরেক বিদেশি পাদ্রির ওপর হামলা এবং তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার পর আইএস'র দায় স্বীকারের খবর আসে। এর প্রতি উত্তরে বরাবরের মতই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে আইএস বা তেমন কোনো জঙ্গি দলের কর্মকাণ্ডের কোনো তথ্য গোয়েন্দারা খুঁজে পাননি।
 
রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে মন্দিরে হামলা ও ইতালীয় পাদ্রী হত্যাচেষ্টায় কয়েকজনকে গ্রেফতারের পর সম্প্রতি পুলিশের পক্ষ থেকে বলা হয়, এর সবগুলো ঘটনাতেই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি জড়িত।
 
'সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার' বিরুদ্ধে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ে কামাল বলেন, 'আমরা সবই উদঘাটন করেছি। যত জঙ্গি আমরা ধরছি, তদন্ত করে জানা যাচ্ছে তাদের মূল শিকড় জামায়াত-শিবির।'
 
সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডি নিউজ।