ইরাকের বিমান হামলায় ৮ আইএস নেতা নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৪
 
ইরাকের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আট উর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন। বুধবার দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন খবরে এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, হাবিজা ও আনবারে ইরাকি বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গিবিমানের হামলায় দায়েশের (আইএস) বহু জঙ্গিসহ আট উর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন। খবরে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
 
আনবার প্রদেশের প্রধান শহর রামাদি থেকে আইএসের যোদ্ধাদের হটিয়ে দিতে সেখানে বড় ধরনের অভিযান চালাচ্ছে ইরাকি সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যেই শহরটি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন দেশটির কর্মকর্তারা।
 
তবে আগামী কয়েকদিনে ইরাকি বাহিনীর সামনে কঠিন সময় আসছে বলে মনে করেন আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক কর্মকর্তা। মে মাসে রামাদি দখল করে নিয়েছিল আইএসের যোদ্ধারা। বিডি নিউজ।