আগামীকাল ২৪ ডিসেম্বর দেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের অন্যতম এই দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে 'চ্যানেল আই'তে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান '৬৩ বছরে দৈনিক ইত্তেফাক'।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জৈষ্ঠ্য সাংবাদিক শাহজাহান সরদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত।
অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের নিজেদের কর্মজীবন ও সাংবাদিকতা জীবনের অন্যতম কার্যালয় হিসেবে ইত্তেফাকের স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বর্তমান আধুনিক সময়ের সঙ্গে পরিবর্তিত ইত্তেফাক নিয়েও কথা বলেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পাক্ষিক আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান। প্রযোজনা করেছেন জামাল রেজা ও মো. মোস্তাফিজুর রহমান নান্টু।
