ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের এক সফরে বুধবার রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি এ সফরে যাচ্ছেন।
শীর্ষ পর্যায়ের এ সম্মেলন কাল অনুষ্ঠিত হবে। সফরকালে উভয় নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
দেশ ছাড়ার আগে দেয়া এক বিবৃতিতে মোদি বলেন, এ সফরের মধ্য দিয়ে অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার হবে।
তিনি বলেন, উভয় দেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং খনিজ সম্পদ খাতেও সহযোগিতা জোরদার করতে চায়।
তিনি আরো বলেন, কেবলমাত্র এ দুই দেশের স্বার্থে নয়, সারা বিশ্বের স্বার্থে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করা হবে।
গতকাল নয়াদিল্লিতে ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব এস. জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের লক্ষ্য কৌশলগত সম্পর্কের আরো সম্প্রসারণ।
বিশেষ করে এ সফরে তিনি পরমাণু জ্বালানি, হাইড্রোকার্বন, প্রতিরক্ষা ও বাণিজ্যের বিষয়কে গুরুত্ব সহকারে তুলে ধরবেন। বাসস
