সৈয়দপুরে নৌকায় ভোট চাইলেন শমী কায়সার ও অপু উকিল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:০১

 

নীলফামারীর সৈয়দপুরে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন নাট্য ব্যক্তিত্ব ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ও কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

বুধবার দুপুরে সৈয়দপুর পাঁচমাথা মোড়ে পথসভায় শমী কায়সার বলেন, ‘আমার বাবাকে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাবা নেই কিন্তু আপনারা তো আছেন। আমি আপনাদের কন্যা।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনের পক্ষে নির্বাচনী পথসভায় শমী কায়সার ভোটারদের আরো বলেন, আপনাদের কন্যা ও শহীদ পরিবারের কন্যা হিসেবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা হলো স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক। তাই বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

একই সময় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে।

সৈয়দপুর পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হকের সভাপতিত্বে পথসভায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমা জামান ববী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আমেনা কোহিনুর আলম, নীলফামারী যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।