এবার ব্যাংক হলিডে পহেলা জানুয়ারি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬
 
পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা বন্ধ থাকবে। এ কারণে ৩১ ডিসেম্বর সব ব্যাংকিং কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এবার ব্যাংক হলিডে ১ জানুয়ারি। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর সারা দেশে নির্বাচন সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। এ কারণে ২০১৫ সালের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সুবিধার্থে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক যথারীতি  খোলা থাকবে। এ পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ব্যাংক হলিডে ঘোষণা করা হলো ১ জানুয়ারি। পাশাপাশি ৩০ ডিসেম্বর বন্ধ থাকা শাখাগুলোর ওপর চেক উপস্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক খোলা থাকায় এদিন শেয়ারবাজারের লেনদেনও চলবে।
 

প্রসঙ্গত, বার্ষিক হিসাবের সুবিধার্থে প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো লেনদেন হয় না। ব্যাংকগুলো এদিন বার্ষিক হিসাব চূড়ান্ত করে মুনাফা/লোকসান বের করার পাশাপাশি অন্যান্য হিসাবও চূড়ান্ত করে। এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকে।