বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।
দলের পক্ষ থেকে বুধবার বিকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে যে উক্তি করেছেন, তা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। এই চরম অবমাননাকর বক্তব্য দেওয়ার পর অবশ্যই আমি মনে করি, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।
গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্য দেন।
তার ওই বক্তব্যের জবাব দিতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ বলেন, বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ঘৃণ্য কটাক্ষ করেছেন, অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তারপরও বাংলার মুক্তিপাগল মানুষ বা নাগরিকদের রোষানল থেকে বেগম জিয়া এবং তার দলের নেতাকর্মীরা যে অক্ষত আছেন তা আজ দেশে গণতন্ত্র আছে বলেই, গণতন্ত্রের পরিবেশ বিরাজমান বলেই সম্ভব হচ্ছে।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক মনে করেন, দেশে গণতন্ত্র না থাকলে ওই ধরনের উক্তির পর বিএনপির নেতাকর্মীদের রাস্তায় বেরুনোর সুযোগ থাকত না এবং সেক্ষেত্রে আইনশৃংখলা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হতো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারের, আওয়ামী লীগের নয়। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি করছি যে, বেগম জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছেন, এজন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার করা হোক।
খালেদার ওই বক্তব্যকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে হানিফ বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেবেন- জাতি এর চেয়ে উনার কাছ থেকে বেশি কিছু আশা করে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
