আগামীকাল (বৃহস্পতিবার) চলচ্চিত্র ‘পুত্র’র শেষ দিনের শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী জয়া আহসান। তাদের সঙ্গে থাকবেন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রের শিশুশিল্পী লাজিম। গাজীপুরে সেট ফেলে চলছে চলচ্চিত্রটির শুটিং।
চলচ্চিত্রটির শুটিং প্রসঙ্গে পরিচালক সাইফুল ইসলাম মান্নু জানান, 'কালকের মধ্যেই আমাদের শুটিং শেষ করার পরিকল্পনা আছে। তারপরও যদি টুকটাক কোন দৃশ্য বাকি থাকে সেগুলো দু’একদিনের মধ্যেই শেষ করা হবে।’
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্ব্বাবধানে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। অটিস্টিকদের গল্প নিয়ে দেশে নির্মিত প্রথম চলচ্চিত্র চলচ্চিত্র ‘পুত্র’। গত ১৮ই অক্টোবর থেকে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে শুরু হয় শুটিং। গাজীপুর এবং রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, শেওতি, লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান প্রমুখ।
