মাত্র ১৪ বছর বয়সী, রোগা চেহারার বিরাট মাথা। চোখে মুখে বৃদ্ধের আদল। অমিতাভ বচ্চন অভিনীত ‘পা’ সিনেমার চরিত্রটির কথা বলছি না। সে নিহাল বিটলা, বাস্তবের ‘পা’। কঠিন জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। কিন্তু ২০০৭-এ বদলে গিয়েছিল তার জীবন। সে বছরই মুক্তি পেয়েছিল আমির খানের ‘তারে জামিন পার’। সেই থেকে ওই ছবিই নিহালের বাঁচার অক্সিজেন। আর আমির খান! তিনিই যেন নিহালের দেবতা।
সম্প্রতি পূরণ হয়েছে নিহালের স্বপ্ন। কারণ তার স্বপ্নের নায়ক হাজির হয়েছিলেন বাড়িতে। আমির গিয়ে যেন বদলে দিয়েছেন নিহালের দৈনন্দিন। ‘পিকে’র নায়ক জড়িয়ে ধরতেই আনন্দে কেঁদে ফেলে সে। অসুস্থ অবস্থাতেও সে আমিরকে একটি গণেশের ছবি এঁকে উপহারও দিয়েছে। বেশ কয়েক বছর আগেই ফেসবুক থেকে নিহালের কথা জানতে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। জানতে পারেন অগণিত ভক্তের মাঝে নিহাল কোথাও আলাদা। তখন থেকেই তার নিহালের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তার পাশে দাঁড়িয়ে তাকে উত্সাহ দিতে চেয়েছিলেন। এতোদিনে সত্যি হলো নায়কের সে ইচ্ছেও।
স্বপ্ন সত্যি হওয়ার পর নিহাল ফেসবুকে জানিয়েছে, ‘আমির আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমি জানতাম ঠিক একদিন আমাদের দেখা হবে। তোমার অটোগ্রাফটা আমি যত্ন করে রেখে দেবো। আর আমার আঁকা গণেশটা তুমি রাখবে তো!’
