সেনা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব : হাফিজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২০:৫৪

 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,  সেনা মোতায়ন ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

 

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, গ্রামগঞ্জে কিংবা শহরে নির্বাচন হচ্ছে একটি উৎসব। সাজগোজ করে সুন্দরভাবে অনেকে আনন্দ করতে করতে ভোট কেন্দ্র যায় একটা ভোট দিতে। কিন্তু এখন ঘর থেকে বের হওয়াও নিরাপদ নয়। মায়ের  পেটে শিশুও নিরাপদ না। এমনই একটি দেশে বাস করছি। মানুষ এখন ভোট কেন্দ্রে যাওয়ার নাম শুনলেই শিউরে উঠে। বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। এ সব হামলা সেনা বাহিনী ছাড়া ঠেকানো সম্ভব না।
 
তিনি বলেন, একাত্তরে দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অথচ এখন যারা মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজেছে, মুক্তিযুদ্ধের সময় এদেরকে খুঁজে পাওয়া যায়নি।


মহিলা দলের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা প্রমুখ।