খালেদার বক্তব্যে অবাক নন ইনু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২১:৩৫
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় 'মোটেই অবাক' হননি। পাকিস্তানের 'মন জয় করতে' বিএনপি নেত্রী পরিকল্পিতভাবে এ বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন তিনি।
 
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা শোনার পর অনেকেই অবাক হয়েছেন, অনেকেই তাকে পাগল বলেছেন। আমি বলি 'না'। আমি এ বক্তব্যে মোটেই অবাক হইনি।"
 
'শয়তান কি কখনো বদলায়?' এমন প্রশ্ন করে তিনি বলেন, 'শয়তানের পাগলামীতেও একটা পরিকল্পনা থাকে। এটা পাগলামী নয়, এ কথাটা তিনি ঠাণ্ড মাথায় পরিকল্পনা করেই বলেছেন।'
 
জাসদ সভাপতি ইনু বলেন, 'আমার বলতেও লজ্জা লাগে, পাকিস্তানের মন জয় করতে কিছু মানুষ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ আসলেই গণ্ডগোল ও বিভ্রান্তি ছড়াতে চায়। এই দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এক মুঠো মাটি নিয়ে হাতে চাপ দেওয়া যায়, তাহলে নিশ্চিত এক ফোঁটা রক্ত বেরিয়ে আসবে, কোনো নির্যাতিতা নারীর কান্না কানে আসবে। যারা শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করতে চায়, তারা পাকিস্তানি এজেন্ট ছাড়া আর কিছু নয়।'
 
বিকেলে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে 'সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং ‍মুক্তিযুদ্ধ' শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বিডি নিউজ।