‘হেরে গেছে বোকো হারাম’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০৮:৪১
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম প্রায় পরাজিত হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এই জঙ্গি সংগঠন এখন দেশটির সেনাবাহিনী ও জনগণের বিরুদ্ধে সহজে আক্রমণ করতে পারবে না। 
 
বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ প্রায় জেতা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বোকো হারাম একটি সংগঠিত বাহিনী। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, তাদের সঙ্গে আমরা প্রায় জিতে গেছি। বোকো হারাম এখন আদওয়ামা ও ইয়োবে প্রদেশে আর হামলা করতে পারবে না এবং শুধুমাত্র সংগঠনটির উৎপত্তিস্থল বোর্নো স্টেটেই তারা সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন তিনি। 
 
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এই জঙ্গি সংগঠনের গত ছয় বছরের কর্মকাণ্ডে কমপক্ষে ১৭ হাজার মানুষ নিহত হয়েছে এবং গৃহহীন হয়েছে আরো দুই লক্ষ মানুষ। বিবিসি।