ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে দেশটির সংখ্যালঘু মুসলিম ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার দায়ে এক বিজেপি নেতার পুত্রসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।
বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস তার এক প্রতিবেদনে জানায়, 'গরুর মাংস' খাওয়ার গুজব ছড়িয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হলেও পুলিশের দেওয়া চার্জশিটের কোথাও গরুর মাংসের কথা উল্লেখ নেই। কোরবানির ঈদে একটি বাছুর জবাই করে এর মাংস খেয়েছেন ও বাকী মাংস ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন, ২৮ সেপ্টেম্বর স্থানীয় একটি মন্দিরের মাইকে এমন ঘোষণা দিয়ে হিন্দুদের উত্তেজিত করে দাদরির মোহাম্মদ আখলাকের বাড়িতে হামলা চালানো হয়।
হামলাকারীরা ৫২ বছর বয়সী আখলাককে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করে। হামলাকারীদের প্রহারে আখলাকের ছেলে দানিশ গুরুতর আহত হন।
এই ঘটনার তিনমাস পর পুলিশের দেওয়া ২৫০ পৃষ্ঠার চার্জশিটে প্রধান অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার পুত্র ভিশাল ও তার দুই চাচাতো ভাইয়ের নাম আসে। তবে ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেনি পুলিশ।
চর্জশিটে বলা হয়, 'একটি নির্দিষ্ট মাংসের' কথা বলে গুজব ছড়িয়ে হামলাটি চালানো হয়। মাংসের কথা উল্লেখ থাকলেও নির্দিষ্টভাবে 'গরুর' মাংসের কথা উল্লেখ করা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। হামলাকারীদের অধিকাংশই তাদের পরিবারের পরিচিত বলে পুলিশকে জানিয়েছেন আহত দানিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
