রংপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:৫১
 
রংপুর থেকে প্রকাশিত 'দৈনিক যুগের আলো' পত্রিকার সাংবাদিক মশিউর রহমান উৎসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর ঢাকা-রংপুর মহাসড়কে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে শেখপাড়ায় একটি গাছে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হাতুড়ি বা এ ধরণের কোন ভারী বস্তু দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।
 
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে মসিউর রহমান উৎস তার কর্মস্থল 'দৈনিক যুগের আলো' পত্রিকা অফিস থেকে মোটর সাইকেল নিয়ে বের হন। এরপর তার আর কোন খোঁজ মেলেনি। আজ সকাল ৯টার দিকে রংপুর থেকে সাত-আট কিলোমিটার দূরে ঢাকা-রংপুর মহাসড়কে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে শেখপাড়ায় একটি গাছের সাথে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
 
রংপুরের কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গাছে বাঁধা অবস্থায় মসিউরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মসিউরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
এদিকে সাংবাদিক খুনের ঘটনায় ক্ষুব্ধ রংপুরের সাংবাদিক সমাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।