বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে। ভোটাররা যাতে তাদের ইচ্ছামতো ভোট দিতে পারেন, তার গ্যারেন্ট দিতে হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও প্রশাসন একাকার হয়ে গেছে। ক্ষমতাসীনরা বেপরোয়াভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, সরকারদলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করবেন না, প্রশাসনযন্ত্রকে নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করুন। নইলে মীর জাফরের মতো বিশ্বাসঘাতকতার তকমা দীর্ঘকাল নির্বাচন কমিশনকে বহন করতে হবে।
তিনি বলেন, দিনাজপুরের বিরামপুর, যশোর, সাতক্ষীরার কলারোয়া, ফরিদপুরের নগরকান্দা, ব্রাহ্মণবাড়ীয়া, রাজবাড়ী, কুমিল্লার লাকসাম, ময়মনসিংহের গৌরীপুরম, ঈশ্বরগঞ্জ, বগুড়ার আদমদিঘী, ঢাকার সাভার, খাগড়াছড়ির মাটিরাঙ্গাসহ বিভিন্ন পৌরসভায় তার দলের প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা, পোস্টার ছিঁড়ে ফেলা ও নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনা ঘটেছে।
তিনি দাবি করেন, বিভিন্ন পৌর এলাকায় শাসকদলের নেতারা বলে বেড়াচ্ছেন- যে ভোট গ্রহণই হোক না কেন, গণনা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। ভোটারদের ভয়-ভীতি দেখাতে নানা ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, কমিশন সরকারের আদরের দুলালের ন্যায় ভূমিকা পালন করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনমনে আস্থা সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
